খেলাধুলা
প্রধান খবর

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারল না তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

ভারতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার প্রকৃত কারণ এবং এর পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় আয়োজিত একটি সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারল না এবং এর পেছনে কূটনৈতিক কী ধরনের ব্যর্থতা ছিল, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে।”

উল্লেখ্য, এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তাজনিত গভীর উদ্বেগের কারণ দেখিয়ে সেখানে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এর বিকল্প হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা-তে আয়োজনের প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি পাঠায়।

তবে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের সেই প্রস্তাব আইসিসি প্রত্যাখ্যান করে। এরপরও নিজেদের সিদ্ধান্তে অটল থেকে ভারতে দল না পাঠানোর বিষয়ে অনড় অবস্থান বজায় রাখে বিসিবি। ফলে, আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয় এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ড-কে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ প্রদান করে।

বাংলাদেশের এই অনুপস্থিতি দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button