
ফিফার কাছ থেকে ভ্যাট-ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ফলে আসন্ন বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বার্থ রক্ষা করে বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিটিভির পাশাপাশি বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটরদের মাধ্যমেও খেলা দেখার সুযোগ থাকবে।
তিনি জানান, ২০২২ সালে আওয়ামী লীগ সরকার প্রায় ১০০ কোটি টাকায় সম্প্রচার চুক্তি করে জনগণের অর্থ অপচয় করেছিল। বর্তমান সরকার জনগণের সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, এবার বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য মধ্যস্বত্বভোগীদের পক্ষ থেকে প্রায় ২০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করে।
তিনি আরও জানান, সরাসরি আলোচনার মাধ্যমে বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা (ভ্যাট এবং আয়করসহ মোট মূল্য দাড়াঁবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা)।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের ফলে একদিকে যেমন জনগণ বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থেরও সাশ্রয় হবে।
তথ্যসূত্র: যমুনা টিভি



