
শাহিনের উদযাপন। ছবি: ক্রিকইনফো
এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে বোলিং নিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে ২ উইকেট তুলে নিয়ে মাত্র ৪৯ রানে পাকিস্তানের ৫ উইকেট ফেলে দেয় টাইগাররা। তবে সহজ তিন ক্যাচ ছাড়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান ৮ উইকেটে ১৩৫ রান তোলে। জবাবে ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে বাংলাদেশ ১১ রানে হেরে যায়। ফাইনালে উঠে গেছে পাকিস্তান, যেখানে রোববার তারা মুখোমুখি হবে ভারতের।
পাকিস্তানের ইনিংসে অধিনায়ক সালমান আগা ২৩ বলে ১৯ রান, শাহীন আফ্রিদি ১৩ বলে ১৯ রান (দুই ছক্কা), মোহাম্মদ হারিস ২৩ বলে দলের সর্বোচ্চ ৩১ রান ও মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ দিকে ফাহিম আশরাফ যোগ করেন ১৪ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিমের জায়গায় সুযোগ পাওয়া পারভেজ ইমন শূন্য রানে ফিরেন। লিটন দাস ইনজুরিতে না থাকায় তিনে নেমে তাওহীদ হৃদয় মাত্র ৫ রান করে আউট হন। এরপর সাইফ হাসান ১৮ রান করলেও চাপ সামলাতে ব্যর্থ হয় দল।
মধ্য ও নিচের সারির ব্যাটাররাও তেমন ভূমিকা রাখতে পারেননি। শেখ মাহেদী ১১ রান, নুরুল হাসান সোহান ১৬ রান, জাকের আলী ৫ রান করে ফেরেন। আশা জাগানো শামীম পাটোয়ারি করেন ৩০ রান। শেষ দিকে রিশাদ হোসেনের ১৬ রানে হারের ব্যবধান কমলেও জয় পায়নি বাংলাদেশ।



