ক্রিকেট
প্রধান খবর

দুই দিনেই শেষ মেলবোর্ন টেস্ট, অস্ট্রেলিয়ায় ১৯ ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইংল্যান্ড

অস্বাভাবিকভাবে মাত্র দুই দিনেই শেষ হলো মেলবোর্ন টেস্ট। টানা তিন টেস্ট হেরে আগেই অ্যাশেজ খুইয়েছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত সম্মান রক্ষার লড়াইয়ে সফল হলো বেন স্টোকসের দল। প্রায় দেড় দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল সফরকারীরা।

১৭৫ রানের লক্ষ্য চার উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় টানা ১৯ ম্যাচের জয়খরা কাটল তাদের। একই সঙ্গে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জাও এড়াতে সক্ষম হলো স্টোকস বাহিনী।

মাত্র দুই দিনে শেষ হওয়া এই ম্যাচ টেস্ট ইতিহাসে বিরল ঘটনা। সিরিজে একাধিক টেস্ট দুই দিনে শেষ হওয়ার ঘটনা এটি পঞ্চমবার, আর অস্ট্রেলিয়ায় এর আগে এমনটি ঘটেছিল মাত্র দু’বার। যদিও দুই দিনে রেকর্ড ১ লাখ ৮৬ হাজারের বেশি দর্শক মাঠে এসেছিলেন, ম্যাচ দ্রুত শেষ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশেষ করে বক্সিং ডে টেস্টের প্রতিটি দিনের টিকিট সাধারণত আগেই বিক্রি হয়ে যায়।

প্রথম দিনেই পড়ে ২০ উইকেট। কিউরেটর টেস্টের শুরুতে উইকেটে ১০ মিলিমিটার ঘাস রেখে দেওয়ায় মেলবোর্ন টেস্ট পরিণত হয় বোলারদের স্বর্গরাজ্যে। ব্যাটারদের টেকনিক ও ধৈর্য নিয়ে সমালোচনার রসদ পেয়ে যান বিশ্লেষকরা।

দ্বিতীয় দিনে ৪২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। ব্রাইডন কার্স ও বেন স্টোকসের তোপে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। দু’জন মিলে ভাগ করে নেন সাতটি উইকেট।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। মাত্র ৭ ওভারেই তারা ৫১ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। ডাকেটের উদ্ভাবনী ‘স্কুপ’ আর ক্রলির দৃষ্টিনন্দন ড্রাইভে স্পষ্ট ছিল দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্য। তবে দু’জনের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড।

তরুণ জ্যাকব বেথেল ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে প্রায় জয় এনে দেন। শেষ দিকে জো রুট ও বেন স্টোকস দ্রুত আউট হলে গ্যালারিতে খানিকটা উত্তেজনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত চারটি ‘লেগ বাই’ ইংল্যান্ডকে পৌঁছে দেয় কাঙ্ক্ষিত লক্ষ্যে।

উল্লেখযোগ্যভাবে, ১৯৩২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই প্রথম টেস্ট যেখানে কোনো ব্যাটার ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পাননি।

দুই দিনে ম্যাচ শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মেলবোর্নের গ্যালারি সাক্ষী থাকল এক ঐতিহাসিক ইংলিশ গর্জনের।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button