
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সে রাজশাহী জেলা দলকে ২৮ রানে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া জেলা দল।
শনিবার অনুষ্ঠিত বিভাগীয় ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করে বগুড়া জেলা দল। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৮ দশমিক ১ ওভারে সবকটি উইকেট হারিয়ে বগুড়া সংগ্রহ করে ১২৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মেহেদী, যা দলকে লড়াকু পুঁজি গড়ে তুলতে সহায়তা করে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী জেলা দল। বগুড়ার নিয়ন্ত্রিত ও ধারাবাহিক বোলিং আক্রমণের মুখে ২৭ দশমিক ৪ ওভারে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় রাজশাহী। ফলে ২৮ রানের জয় নিশ্চিত করে বগুড়া জেলা দল।
বগুড়ার বোলিং আক্রমণে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ইয়াকুব ও আকাশ। দুজনেই ৪টি করে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে রাজশাহীর ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য আকাশ রায় ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।

এই জয়ের মাধ্যমে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো বগুড়া জেলা দল।



