
চলতি অ্যাশেজে সময়টা ভালো যাচ্ছিল না স্টিভ স্মিথের। চোটের কারণে অ্যাডিলেড টেস্ট মিস করা এবং বাকি ইনিংসগুলোতে ব্যর্থতার পর সিডনি টেস্টেই ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ ছিল অস্ট্রেলিয়ান অধিনায়কের সামনে। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগালেন স্মিথ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সিডনি টেস্টের তৃতীয় দিনে ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরির পর ব্যাট হাতে আলো কেড়ে নেন স্মিথ। ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে দিন শেষে অপরাজিত থাকেন ১২৯ রানে। ১২৪ ওভারে ৭ উইকেটে ৫১৮ রান তুলে অস্ট্রেলিয়া নেয় ১৩৪ রানের লিড।
অ্যাশেজে এটি স্মিথের ১৩তম সেঞ্চুরি, যা তাকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিধারী ব্যাটারে পরিণত করেছে। তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হবসকে। শুধু তাই নয়, টেস্টে মোট সেঞ্চুরির তালিকায়ও তিনি ছাড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড়কে।
এদিন আরও একটি অনন্য কীর্তি গড়েছেন স্মিথ— একক প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি। এই কীর্তি আছে কেবল শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও ডন ব্রাডম্যানের।
এর আগে দিনের শুরুতেই ঝড় তুলেছিলেন ট্রাভিস হেড। ১৬৬ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। চলতি অ্যাশেজে এটি তার তৃতীয় সেঞ্চুরি, সবগুলোই ওপেনার হিসেবে। ২১ শতকে অ্যাশেজে ৫০০-এর বেশি রান করা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনারও এখন হেড।
হেড ও স্মিথের ব্যাটে ভর করে সিডনি টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে।
তথ্যসূত্র: সময় টিভি



