ক্রিকেট
প্রধান খবর

আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শ্রীলংকার

টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যান্য বড় দলের মতো জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করেছে শ্রীলংকা। রোববার কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে পরাজিত করেছে সিংহলিজরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৩ রান। দলের হয়ে দারুণ ব্যাটিং করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। কুশল মেন্ডিস ৪৩ বলে অপরাজিত ৫৬ রান করেন, আর কামিন্দু মেন্ডিস ১৯ বলে ঝোড়ো ৪৪ রান যোগ করেন। তাদের কার্যকর ব্যাটিংয়েই লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে জর্জ ডকরেল ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে আয়ারল্যান্ড। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই এক বল বাকি থাকতে ১৪৩ রানে অলআউট হয়ে যায় দলটি। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৪০ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া রস অ্যাডায়ার ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।

শ্রীলংকার বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মহিস থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। দুজনেই তিনটি করে উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সেই বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় শ্রীলংকা।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button