ক্রিকেট
প্রধান খবর

ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে বাংলাদেশে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পাকিস্তান খেলবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সংস্থাটি সম্মত হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো ধরনের জরিমানা বা শাস্তি আরোপ করা হবে না।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ক্রিকেটের চেতনা অক্ষুণ্ন রাখা এবং বৈশ্বিক ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির বৈঠকের পরপরই এই ঘোষণা আসে।

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে তিনি অতীতের কঠিন সময়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানকে মাঠে নামার আহ্বান জানান। শাহবাজ শরীফও সেই আলোচনায় সংকটকালে শ্রীলঙ্কার সহযোগিতার কথা উল্লেখ করেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বস্ত করেন।

এদিকে পাকিস্তানের এই অবস্থানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক বিবৃতিতে পিসিবিকে ধন্যবাদ জানানো হয় এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে অংশ নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে, তা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

অন্যদিকে আইসিসি এক বিবৃতিতে জানায়, পিসিবি ও বিসিবির সঙ্গে তাদের আলোচনা ছিল উন্মুক্ত, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ। কেবল চলমান টুর্নামেন্ট নয়, দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে। আইসিসি স্পষ্ট করেছে, বর্তমান পরিস্থিতিতে বিসিবির ওপর কোনো আর্থিক, ক্রীড়াসংক্রান্ত বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না এবং প্রয়োজনে বিসিবি বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হওয়ার অধিকার রাখবে।

আইসিসি আরও নিশ্চিত করেছে, স্বাভাবিক আয়োজক প্রক্রিয়া ও পরিচালনগত শর্ত পূরণ সাপেক্ষে ২০৩১ সালের পুরুষ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক হলেও বাংলাদেশের ক্রিকেটের প্রতি আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকারে কোনো পরিবর্তন আসবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button