
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম-এর আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম-কে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার বিসিবির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহানারা আলমের করা অভিযোগ তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি জানিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, মঞ্জুরুল ইসলাম দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। বিসিবির আওতাধীন প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো কর্মসংস্থান কিংবা ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রমেও তিনি অংশ নিতে পারবেন না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে এবং প্রতিবেদনের আলোকে প্রয়োজন মনে করলে অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে ক্রিকেটে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে বোর্ডের কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



