
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে হেরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম। শুরুতে দুজন মিলে ৫৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে সেই জুটি ভাঙেন উইয়ান মুল্ডার। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৯ রান করে ফেরেন তানজিদ তামিম। এরপর রানের খাতা খোলার আগেই মুমিনুল হককে প্যাভিলিয়নে পাঠান মুল্ডার।
এরপর ইয়ানসেনের শিকার হন ৩৮ রান করা ওপেনার রবিন। ক্রিজে এসে সাবলীল ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়। তবে তাঁকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙেন কাগিসো রাবাদা। ৩৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪১ রান করেন হৃদয়।
লিটন দাস ২৫ বলে দুই চারে ১৫ রান করেন। জাকের আলি ৩ বলে ২ রান করে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৩৪ রান করে। শেষ পর্যন্ত ১৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
সেঞ্চুরি করার পর বল হাতে আরও সাত উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। ইয়ানসেন নেন দুটি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলিং তাণ্ডবে মাত্র ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। অন্যদিকে, ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।



