ক্রিকেট
প্রধান খবর

পাকিস্তান সিরিজের বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার তানজিদ ও অমিত

ওপেনার হিসেবে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন তানজিদ হাসান। তবে এখনো টেস্ট অভিষেক হয়নি। সেই অপেক্ষা এবার ফুরাতে পারে এই বাঁহাতি ব্যাটারের।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে রাখা হয়েছে তানজিদ হাসানকে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে আরও চমক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯.৩২ গড়ে ৩ হাজার ৬৫০ রান করা অমিত ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন।

দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম দেড় বছর পর টেস্ট দলে ফিরেছেন। এ ছাড়া প্রায় এক বছর পর দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

দলকে যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশে আসবে পাকিস্তান দল।

আগামী ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button