ক্রিকেট
প্রধান খবর

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে মুশফিকের ক্যারিয়ার টেস্ট রান ছিল ৬ হাজার ৯৮৯। জোমেল ওয়ারিক্যানের করা ২২তম ওভারের পঞ্চম বলে ২ রান নেওয়ার মধ্য দিয়ে তার রান পৌঁছায় ৬ হাজার ৯৯১-এ। পরবর্তী রানগুলো পূর্ণ করে ৭ হাজারের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে কোনো ব্যাটার এই কীর্তি গড়তে পারেননি। দীর্ঘদিন ধরেই দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের অবস্থান ধরে রেখেছেন মুশফিক।

এদিকে, এই টেস্টের আগ পর্যন্ত টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও ছিল মুশফিকের দখলে। তবে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন তাওহিদ হৃদয়।

কাকতালীয়ভাবে, মুশফিকের ৭ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করার মুহূর্তে অপর প্রান্তে তার সঙ্গী ছিলেন হৃদয়। সতীর্থের কাছে নিজের রেকর্ড হারালেও এতে বিন্দুমাত্র মনঃক্ষুণ্ণ নন মুশফিক।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, সতীর্থের এমন কীর্তি সরাসরি ড্রেসিংরুম থেকে দেখতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। রেকর্ড গড়াই হয় একসময় ভেঙে যাওয়ার জন্য। আর সেই রেকর্ড ভাঙা ইনিংস যদি দলের জয়ে ভূমিকা রাখে, তাহলে আনন্দটা আরও বেশি হয়।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button