তামিমের নেতৃত্বে নতুন সিদ্ধান্ত; আঞ্চলিক কমিটি বিলুপ্ত, বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

দেশের ক্রিকেটে বিকেন্দ্রীকরণের উদ্যোগের অংশ হিসেবে গঠিত আঞ্চলিক কমিটিগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত করে।
এর আগে আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ দেশের ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে আনতে এসব আঞ্চলিক কমিটি গঠন করেছিল।
সভায় আগামী বিসিবি নির্বাচন আয়োজনের প্রক্রিয়াও শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপে বিসিবির সংবিধানের ধারা ১২.৭ অনুযায়ী সব শ্রেণি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুইজন সদস্য থাকবেন।
এর আগে তামিম ইকবাল জানিয়েছিলেন, আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



