
ইয়াং টাইগাস অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২৬ এ বগুড়া জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্সে পাবনা জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ১০৫ রানে পরাজিত করেছে। ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ দাঁড় করানোর পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় তুলে নেয় বগুড়া।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বগুড়া। ব্যাট করতে নেমে নির্ধারিত ইনিংসে ১৪১ রান সংগ্রহ করে দলটি। বগুড়ার হয়ে আকাশ চন্দ্র ২৮ রান, মেহেদী হাসান ২৬ রান এবং তুষার আহমেদ ২৫ রান করেন। এছাড়া তাহমিদ করিম ১২, বায়জিদ হাসান ৯ ও শয়ন ইসলাম অপরাজিত ৯ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বগুড়ার বোলারদের তোপে শুরু থেকেই বিপাকে পড়ে পাবনা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে যায় পাবনা জেলা দল।
বগুড়ার হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সিয়াম হোসেন। তিনি ৮ ওভার বোলিং করে ৪টি মেইডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। এছাড়া শাম্স তৌফিক ৩ ওভারে ৩ রান দিয়ে ২ টি, বায়জিদ হাসান ৬ ওভারে ১০ রান দিয়ে ১ টি, আকাশ চন্দ্র ৩ ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট, সায়ন ইসলাম ৩.৩ ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন। বগুড়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাবনার ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে পারেননি।
শেষ পর্যন্ত ১০৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৮ দল।


