ফুটবল
প্রধান খবর

মেসি ও তার ছেলেদের জন্য নেইমারের বিশেষ উপহার, সান্তোসের ১০ নম্বর জার্সি

ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব আবারও এসেছে খবরের শিরোনামে। সম্প্রতি বন্ধু মেসি এবং তার তিন ছেলে-থিয়াগো, মাতেও ও চিরোর জন্য নিজের শৈশবের ক্লাব সান্তোসের সই করা ১০ নম্বর জার্সি উপহার পাঠিয়েছেন নেইমার।

জার্সি নম্বর ‘১০’-এর ঐতিহ্য এবং দুই মহাতারকার অটুট সম্পর্ক উদ্‌যাপন করতেই এই বিশেষ উদ্যোগ নেন ব্রাজিলিয়ান তারকা।

সান্তোস ক্লাব তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের ছবি প্রকাশ করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতিও শ্রদ্ধা জানিয়েছে। পোস্টে লেখা হয়-

“এই পবিত্র আবরণ (জার্সি), যার মূল্য অপরিসীম; যাতে খোদাই করা আছে ‘রাজার’ (পেলে) অমর করে যাওয়া সেই নম্বর। ১০ নেইমারের জন্য, ১০ মেসির জন্য, ১০ পেলের জন্য। ফুটবলের ইতিহাসে এক অনন্ত উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে শুভেচ্ছা, লিওনেল মেসি!”

মেসি ও নেইমারের বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। সেখানে লুইস সুয়ারেজকে নিয়ে তারা গঠন করেছিলেন ফুটবল বিশ্বের অন্যতম বিধ্বংসী ‘এমএসএন’ ত্রয়ী। একসঙ্গে তারা জিতেছিলেন আটটি ট্রফি, যার মধ্যে ২০১৪-১৫ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল অন্যতম।

২০১৭ সালে নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিলে এই জুটির সাময়িক বিচ্ছেদ ঘটে। তবে ২০২১ সালে মেসি প্যারিসে যোগ দিয়ে পুনরায় নেইমারের সঙ্গে জুটি বাঁধেন। ২০২৩ সালে দুজনেই ফ্রান্স ছাড়েন-মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে এবং নেইমার পাড়ি জমান আল-হিলালে।

মেসি বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। তার জাদুতে মায়ামি ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপ জয়ের গৌরব অর্জন করেছে।

অন্যদিকে, চোট কাটিয়ে নেইমার ফিরে এসেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৫ মৌসুমে ক্লাবটিকে কঠিন সময় পার করে রেলিগেশন (অবনমন) এড়াতে বড় ভূমিকা রাখেন তিনি।

সান্তোস বর্তমানে ২০২৬ মৌসুমের লিগ লড়াইয়ে থাকলেও প্রথম দুই ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি। চোটের কারণে নেইমার এখনো এই মৌসুমে মাঠে নামতে পারেননি। তবে ভক্তদের জন্য সুখবর-আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button