ফুটবল
প্রধান খবর

ম্যাগুয়ারকে ১৫ মাসের স্থগিত কারাদণ্ড দিল গ্রিসের আদালত

ইংল্যান্ডের ফুটবলার ও ম্যানচেস্টার ইউনাইটেড-এর ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে ১৫ মাসের স্থগিত (সাসপেন্ডেড) কারাদণ্ড দিয়েছেন গ্রিসের একটি আদালত। ২০২০ সালে গ্রিসের পর্যটন দ্বীপ মাইকোনোসে ঘটে যাওয়া এক ঘটনার জেরে এ রায় দেওয়া হয়।

এর আগে ২০২০ সালে ম্যাগুয়ারকে মারধর, ঘুষ দেওয়ার চেষ্টা, সরকারি কর্মচারীর ওপর হামলা ও অবমাননার অভিযোগে ২১ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ওই রায়ের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল করলে গ্রিক আইনে সেই দণ্ড বাতিল হয়ে যায় এবং মামলার পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়।

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার পুনর্বিচার পিছিয়ে যাওয়ার পর বুধবার গ্রিসের সিরোজ দ্বীপে আবার শুনানি শুরু হয়। পুনর্বিচারে ম্যাগুয়ারকে গুরুতর নয় এমন হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে অভিযোগের মাত্রা কম বিবেচনায় তার সাজা কমিয়ে ১৫ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।

BBC Sport জানিয়েছে, ম্যাগুয়ার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন।

এদিকে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার অসুস্থতার কারণে গত রোববার ক্রিস্টাল প্যালেস-এর বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও বুধবারের প্রিমিয়ার লিগ ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেড-এর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের দলে রয়েছেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button