ফুটবল
প্রধান খবর

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালে’তে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১১তম মিনিটে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। শুরুতে কয়েকটি আক্রমণ সফল না হলেও ১১তম মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় দলটি। মোর্শেদের চিপ করা বল বক্সে লাফিয়ে উঠে দারুণ হেডে জালে জড়ান মানিক। তার এই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।

গোলের পরপরই বাংলাদেশ আরেকটি গোলের দেখা পেলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। আমেরিকান প্রবাসী রোনান সুলিভান বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠালেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। এ নিয়ে বাংলাদেশের ডাগআউট থেকে প্রতিবাদ জানানো হয়। এরপর ১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে নেপাল। একের পর এক আক্রমণ করলেও বাংলাদেশের গোলরক্ষক মাহিন বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক খেলোয়াড় পরিবর্তন করে। ম্যাচের শেষদিকে কোচ মিশু রোনান সুলিভানের ভাই ডেকলানকে মাঠে নামান। এক পর্যায়ে ডেকলান বক্সে রোনানকে ভালো পাস দিলেও তার শট নেপালের ডিফেন্ডারে লেগে কর্নার হয়ে যায়।

ম্যাচের শেষ দিকে যোগ করা ৬ মিনিটের ইনজুরি সময়েও দুই দল গোলের জন্য চেষ্টা চালায়। তবে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ফাইনালে ওঠায় মালে স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি প্রবাসীরা উল্লাসে মেতে ওঠেন।

উল্লেখ্য, ২০২৪ সালে এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নিয়েছে লাল-সবুজের দল।

সূত্র: ইনকিলাব

এই বিভাগের অন্য খবর

Back to top button