
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪
