ফুটবল
প্রধান খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচ।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। দেশ ছাড়ার আগেই বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী ঘোষণা করেছিলেন, যেকোনো মূল্যে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

কোচ মার্ক কক্সের অধীনে বাংলাদেশ যুব দল তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।

ফাইনালে ওঠার পথে দুই দলই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়, যা দুই দলের শক্তির সমতা প্রমাণ করে।

সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে ভুটানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে ফাইনালে ওঠে ভারত।

বাংলাদেশ দলের বড় শক্তি হিসেবে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী ‘সুলিভান ব্রাদার্স’ খ্যাত দুই ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভানকে। টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা রোনান পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে আলোচনায় আসেন।

সেমিফাইনালে নেপালের বিপক্ষে তাঁর একটি দুর্দান্ত গোল অফসাইডের কারণে বাতিল হলেও পুরো ম্যাচে তিনি উজ্জ্বল ছিলেন। অন্যদিকে তাঁর ভাই ডেক্লান সুলিভান শেষ মুহূর্তে মাঠে নেমে নিজের প্রতিভার ঝলক দেখান।

ফুটবল ভক্তদের প্রত্যাশা, শিরোপা নির্ধারণী এই ম্যাচে ডেক্লানকে শুরু থেকেই একাদশে দেখা যেতে পারে। রোনান ও ডেক্লানের সমন্বয় ভারতের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অতীত সাফল্যের ইতিহাসও বেশ উজ্জ্বল। ২০২৪ সালের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। যদিও ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারের ফাইনালে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশের যুব ফুটবলাররা।

ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক ও কোচের আনুষ্ঠানিক ফটোসেশন সম্পন্ন হয়েছে। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণী এই লড়াইয়ে শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে, তা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button