ফুটবল
প্রধান খবর

মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক, প্রকাশ করলেন নিজেই

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে সেই ম্যাচকে ঘিরে আগ্রহ। বিদায়ী ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক কী জার্সি পরবেন, সেটিও আর অজানা নেই। বিশেষ নকশার সেই জার্সির ছবি নিজেই প্রকাশ করেছেন মেসি।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। পরিকল্পনা অনুযায়ী, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সেটিই হবে মেসির শেষ ম্যাচ।

বিদায়ী ম্যাচের জার্সির ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জন্য একটি জার্সি।’

মেসির শেষ ম্যাচের জন্য তৈরি জার্সিটিতে থাকছে চেনা নকশার বাইরে কিছু পরিবর্তন। হালকা আকাশি রঙের জার্সির মাঝখানে থাকবে সাদা রঙের একটি উল্লম্ব স্ট্রাইপ। পেছনে মেসির নাম ও ১০ নম্বর লেখা হবে সোনালি রঙে।

জার্সিটির পেছনের ওপরের অংশে উঁচু করে খোদাই করা থাকবে ‘সান অব মে’। আর্জেন্টিনার জাতীয় প্রতীকের গুরুত্বপূর্ণ এই প্রতীকও এবার জায়গা করে নিয়েছে মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচকে আলাদা করে স্মরণীয় করে রাখতেই জার্সিতে এই বিশেষ নকশা রাখা হয়েছে। ফিফার আন্তর্জাতিক বিরতির এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন।

সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সূচি। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা।

তিন ম্যাচের শেষটি ৬ অক্টোবর, একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে। এই ম্যাচেই শুধু মেসিকে পাওয়া যাবে। ফলে সবকিছু পরিকল্পনামতো এগোলে, বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

এই বিভাগের অন্য খবর

Back to top button