ফুটবল
প্রধান খবর

তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরী-র জন্য এলো দুঃসংবাদ। ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে অবনমন হয়েছে তার ক্লাব লেস্টার সিটি।

মঙ্গলবার হাল সিটি-র সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তৃতীয় বিভাগে নেমে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হলো এক সময়ের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির।

কিং পাওয়ার স্টেডিয়ামে অবনমন এড়াতে জয়ের কোনো বিকল্প ছিল না লেস্টারের সামনে। কিন্তু অলি ম্যাকবার্নি-র সমতাসূচক গোলে শেষ হয়ে যায় তাদের সব আশা।

মাত্র ১০ বছর আগে রূপকথার মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা দলটি এক দশক পরই তৃতীয় বিভাগে নামার লজ্জায় পড়ল।

ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকেরা খেলোয়াড়দের ঘিরে ধরেন। অনেক ফুটবলার দ্রুত মাঠ ছাড়লেও হামজা চৌধুরী সমর্থকদের সামনে গিয়ে দাঁড়ান এবং ব্যর্থতার জন্য ক্ষমা চান।

পয়েন্ট তালিকার তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা লেস্টারের হাতে এখন আর মাত্র দুটি ম্যাচ আছে। নিরাপদ অঞ্চলের দলের চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে থাকায় অবনমন নিশ্চিত হয়ে গেছে।

গত পাঁচ বছরে ক্লাবটির ধারাবাহিক অবনতির ফলে ২০০৮-০৯ মৌসুমের পর আবারও তৃতীয় বিভাগে খেলতে যাচ্ছে তারা।

কোচ গ্যারি রোয়েট বলেন, “আমাদের এই কঠিন বাস্তবতা মেনে নিতে হবে। কিছুদিন আগেই এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল। সেই তুলনায় বর্তমান সময়টা অত্যন্ত হতাশাজনক।”

২০১৬ সালে জেমি ভার্ডিদের হাত ধরে লিগ জয়, পরের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর কোয়ার্টার ফাইনাল খেলা এবং ২০২১ সালে এফএ কাপ জেতা-সবই এখন লেস্টারের সোনালি অতীত।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক অনিয়মও ক্লাবটির পতনের কারণ হয়েছে। খরচ সংক্রান্ত নিয়ম ভাঙায় চলতি মৌসুমে তাদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।

অন্য ম্যাচে পোর্টসমাউথকে ৫-১ গোলে হারিয়ে কভেন্ট্রি সিটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। আর ২৫ বছর পর আবারও শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড-এর দল।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button