
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অবশেষে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় পরিবারসহ ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন তিনি।
বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)।
ঢাকায় পৌঁছানোর পর সোমবার বিকেলেই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। তাঁর আগমনকে ঘিরে সাফের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে বাংলাদেশ শিবিরে বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে।
গত ৫ নভেম্বর শুরু হয়েছে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। তবে ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট শুরু হওয়ায় ক্লাবের অনুমতি না মেলায় ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। সোমবার থেকে ফিফা উইন্ডো শুরু হওয়ায় এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে তাঁর।
এদিকে, হামজার পাশাপাশি সোমবার ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। তবে কাতার এয়ারওয়েজের সংযোগকারী ফ্লাইট বিলম্বিত হওয়ায় তাঁর ঢাকায় পৌঁছানোর সময় পিছিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারণ করা হয়েছে। ফলে আজ জাতীয় দলের অনুশীলনে থাকতে পারছেন না তিনি।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ফারহানের। এবারই প্রথমবারের মতো দেশের মাটিতে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন এই ফুটবলার।
হামজার যোগদানে জাতীয় দলের শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে বলে আশা করছেন সমর্থকেরা। সাফের বাকি ম্যাচগুলোতে তাঁর পারফরম্যান্সের দিকেই এখন তাকিয়ে থাকবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



