
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর লক্ষ্যে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। উভয় দলের জন্যই সময়টা প্রতীক্ষার-অ্যাতলেটিকোর ১০ বছর, আর আর্সেনালের ২০ বছর।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ (৫ মে) লন্ডনের এমিরেটস স্টেডিয়াম-এ মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে মাদ্রিদে ১-১ গোলে ড্র হওয়ায় ফাইনালে ওঠার লড়াই এখন পুরোপুরি উন্মুক্ত।
এ পর্যন্ত তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। সর্বশেষ তারা ফাইনাল খেলেছে ২০১৬ সালে। অন্যদিকে আর্সেনালের একমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা ২০০৬ সালে, যেখানে তারা বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে রানার্সআপ হয়।
দুই দলের মুখোমুখি লড়াই ১-১ সমতায় থাকলেও এমিরেটসে সাম্প্রতিক স্মৃতি আর্সেনালের পক্ষে। চলতি মৌসুমেই নিজেদের মাঠে অ্যাতলেটিকোকে ৪-০ গোলে হারিয়েছিল গানাররা।
উত্তর লন্ডনের কঠিন পরিবেশে তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কোচ দিয়েগো সিমিওনের দলের সামনে।
অ্যাতলেটিকোর আক্রমণের প্রধান ভরসা হুলিয়ান আলভারেজ। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ১০ গোল করে ক্লাব ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
তবে মৌসুম শেষে তার দলবদল নিয়ে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে আর্সেনাল ও বার্সেলোনার নাম শোনা যাচ্ছে। যদিও আলভারেজ জানিয়েছেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ মাঠের খেলায়।
আর্সেনাল শিবিরে স্বস্তি ফিরেছে বুকাইয়ো সাকার ফেরায়। চোট কাটিয়ে ফিরে সর্বশেষ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। তার সঙ্গে আক্রমণে থাকবেন ইয়োকেরেশ ও ডেক্লান রাইস।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের রক্ষণভাগ বেশ শক্তিশালী। ১৩ ম্যাচে মাত্র ৬ গোল হজম করেছে তারা। ফলে অ্যাতলেটিকোর জন্য এই রক্ষণভাগ ভাঙা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
দুই দলের জন্যই ম্যাচটি কেবল সেমিফাইনাল নয়-এটি দীর্ঘ অপেক্ষা ভাঙার সুযোগ। অ্যাতলেটিকো কি প্রথমবারের মতো ইউরোপ সেরা হবে, নাকি আর্সেনাল ফিরবে ফাইনালে দুই দশক পর—সেই উত্তর মিলবে এমিরেটসের এই মহারণেই।
তথ্যসূত্র: সময় নিউজ



