
অ্যাস্টন ভিলা ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনেজকে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে লন্ডনের ক্লাবটি।
অ্যাস্টন ভিলায় সর্বশেষ ছয় মৌসুম কাটিয়েছেন মার্টিনেজ। সেখান থেকে তিন বছরের চুক্তিতে ৭৫ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক।
চেলসিতে যোগ দিয়ে মার্টিনেজ বলেন, ‘এই ক্লাবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য খুব সহজ ছিল। মাঠে নামার জন্য আর তর সইছে না।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের চোখ এখন চেলসির ট্রফি ক্যাবিনেটে। নিজের লক্ষ্যের কথা জানিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন, যে যা-ই করি না কেন, কেবল জিততে চাই। সেই জয়ের মানসিকতাই এই ক্লাবে নিয়ে এসেছি, কারণ চেলসি ট্রফি জেতার মতো ক্লাব।’
তথ্যসূত্র: ইত্তেফাক



