
আমেরিকান মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) এফসি সিনসিনাতির মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ইন্টার মিয়ামি।
ম্যাচে চাইলে হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি। শেষ দিকে তার নেওয়া শট পোস্টে লেগে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢোকে। শুরুতে সেটিকে মেসির গোল হিসেবে ধরা হলেও পরে সেটিকে আত্মঘাতী গোল ঘোষণা করে এমএলএস কর্তৃপক্ষ। ফলে অল্পের জন্য ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক হাতছাড়া হয় বিশ্বকাপজয়ী এই তারকার।
চলতি মৌসুমে এটি তৃতীয় ম্যাচ, যেখানে তিনটি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। এখন পর্যন্ত এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। টপ স্কোরারের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯১০ এবং অ্যাসিস্ট ৪১১টি।
টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মিয়ামি। সফরকারীরা মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিনসিনাতি ১০টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি।
ম্যাচের ২৪তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মেসি। তবে ৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টি গোলে সমতায় ফেরে সিনসিনাতি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাভেল বুচা গোল করে স্বাগতিকদের এগিয়ে নিলেও ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত শটে আবার সমতা ফেরান মেসি।
৬৪তম মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় সিনসিনাতি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। মাতেও সিলভেট্টির গোলে সমতা ফেরানোর পর জার্মান বারতেরামে গোল করে দলকে এগিয়ে দেন।
শেষদিকে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢুকলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩। যদিও পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে রেকর্ড করা হয়।
এখন পর্যন্ত এমএলএসের নিয়মিত মৌসুমে ৬৫ ম্যাচে মেসির গোল ৬১টি, সঙ্গে রয়েছে ৪২টি অ্যাসিস্ট।
তথ্যসূত্র: যুগান্তর



