
রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত দলগুলো। এর মধ্যে আর্জেন্টিনা শিবিরে সুখবর, প্রস্তুতি ম্যাচেই দেখা মিলতে পারে লিওনেল মেসির। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন পর্তুগাল কোচ। তবে এখনও পুরোপুরি সুস্থ নন ব্রাজিল তারকা নেইমার।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইনজুরি সমস্যায় কিছুটা দুশ্চিন্তায় থাকলেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। মাসল ইনজুরির কারণে শুরুতে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে না পারলেও এখন অনেকটাই ফিট তিনি।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসি দ্রুত সেরে উঠেছে, যা দলের জন্য ইতিবাচক খবর। তিনি আশা করছেন, হন্ডুরাস অথবা আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য মাঠে নামতে পারবেন মেসি।
এদিকে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে হুয়ান মুসোকে খেলানোর পরিকল্পনা রয়েছে। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে পারেন আরেক গোলরক্ষক রুলি।
অন্যদিকে ব্রাজিল শিবিরে এখনও নেইমারকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। মিশরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পুরো দল ক্লিভল্যান্ডে পৌঁছালেও নেইমার নিউজার্সিতে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মিশরের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন আনতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা মারকুইনোসের পাশাপাশি ডগলাস সান্তোস, পাকেতা ও ইগর থিয়াগোকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সেরে নেবে পর্তুগাল। দলটির কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে সেই ম্যাচে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।
ফলে বিশ্বকাপের আগে আজকের প্রস্তুতি ম্যাচগুলোতে ফুটবলপ্রেমীদের নজর থাকবে মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন, রোনালদোর মাঠে নামা এবং নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থার দিকে।