ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপে আর দেখা যাবে না মেসিকে, জানালেন আর্জেন্টাইন অধিনায়ক

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে মাঠে নেমে তিনি গড়েছেন নতুন ইতিহাস। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক। এরপর আলজেরিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।

চার দিন পর ৩৯ বছরে পা দেবেন মেসি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ইতোমধ্যে ৪১ বছর বয়স অতিক্রম করেছেন। ফলে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে, ২০৩০ বিশ্বকাপেও কি দেখা যাবে এই দুই কিংবদন্তিকে?

তবে সেই সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, “না, সপ্তম বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।”

সাফল্যের রহস্য জানালেন মেসি

এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজের পারফরম্যান্স ধরে রাখার রহস্যও জানিয়েছেন মেসি।

তিনি বলেন, “আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। প্রতিযোগিতা করেছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।”

ব্যতিক্রমী হতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আয়োজন। প্রথমবারের মতো দুটি মহাদেশের ছয়টি দেশ এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকবে।

মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

‘এখন যা আসবে, সবই বোনাস’

ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই নিজের ঝুলিতে ভরেছেন মেসি। তাই এখন তিনি যা পাচ্ছেন, সেটাকেই বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন।

মেসি বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।”

কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিলেন মেসির অর্জনের খাতা পূর্ণ হয়ে গেছে। কিন্তু তিনি এখনো মাঠে আছেন, লড়াই করছেন এবং নতুন নতুন ইতিহাস লিখে চলেছেন। আর সেই কারণেই বিশ্ব ফুটবলের আলোচনায় এখনো সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button