ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপ শেষে মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো বিশ্বকাপ শেষে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল একাধিক ক্লাব। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির পাশাপাশি এলএ গ্যালাক্সিও তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালায়। এছাড়া সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব থেকেও প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন ক্যাসেমিরো।

বিশ্বস্ত ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মায়ামিতে যোগ দেবেন ব্রাজিলের এই তারকা মিডফিল্ডার।

গত মৌসুম শেষে অবসর নেওয়া সার্জিও বুসকেতসের শূন্যতা এখনও পুরোপুরি পূরণ করতে পারেনি ইন্টার মায়ামি। মাঝমাঠে ভারসাম্য ও অভিজ্ঞতার অভাব কাটাতে ক্লাবটি ডেভিড আয়ালা ও ইয়ানিক ব্রাইটকে দলে ভেড়ালেও কাঙ্ক্ষিত ফল পায়নি। তাই ক্যাসেমিরোকে সেই সমস্যার আদর্শ সমাধান হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ।

তবে শুরুতেই ‘ডিজাইনেটেড প্লেয়ার’ (ডিপি) চুক্তিতে যোগ দিচ্ছেন না তিনি। বর্তমানে ইন্টার মায়ামির তিনটি ডিপি স্থান দখল করে আছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বেরতেরামে। ভবিষ্যতে নতুন চুক্তির মাধ্যমে ক্যাসেমিরোর বেতন কাঠামো পরিবর্তনের সুযোগ রাখা হবে।

এদিকে বিশ্বকাপ চলাকালেই আরও কয়েকজন তারকা ফুটবলারের এমএলএসে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজম্যান ইতোমধ্যে অরল্যান্ডো সিটিতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন বলে জানা গেছে। অন্যদিকে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি শিকাগো ফায়ারে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।

ক্যাসেমিরোর আগমন ইন্টার মায়ামির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। মেসিকে ঘিরে গড়ে ওঠা তারকাবহুল এই দলে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলের অন্যতম সফল এই মিডফিল্ডার।

এই বিভাগের অন্য খবর

Back to top button