ফুটবল
প্রধান খবর

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ হতে পারে পর্তুগালের

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে চলেছে। আজ রাত ও কাল ভোরে নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড ও পর্তুগাল।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ঘানার সমান অবস্থানে থাকা ইংল্যান্ড আজ রাত ৩টায় মেটলাইফ স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে। জয় পেলে গ্রুপ ‘এল’-এর শীর্ষে ওঠার সম্ভাবনা বাড়বে তাদের।

অন্যদিকে, কাল ভোর ৫টা ৩০ মিনিটে মায়ামিতে গ্রুপ ‘কে’-এর শীর্ষে থাকা কলম্বিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। দক্ষিণ আমেরিকার দলটিকে হারিয়েই কেবল গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে নকআউট পর্বে কঠিন ড্রয়ের মুখে পড়তে পারে পর্তুগিজরা। তাই তুলনামূলক সহজ পথ ধরে এগোতে শনিবারের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

গত সপ্তাহে ডালাসে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করে ছন্দ হারায় দলটি।

পয়েন্টহীন পানামার বিপক্ষেও কঠিন ম্যাচের প্রত্যাশা করছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তার ভাষায়, “ওরা এমন একটি দল, যাদের রক্ষণ ভাঙা খুব কঠিন। প্রতিপক্ষকে খুব কম সুযোগই দেয়।”

শুক্রবারের ম্যাচগুলোর ফলাফলে ইংল্যান্ডের নকআউট পর্ব নিশ্চিত হলেও পানামাকে হারাতে না পারলে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দলটির সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

একই ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে পর্তুগালও। মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বড় পরীক্ষা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশ করেছিল পর্তুগিজরা।

তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা।

শনিবারের ম্যাচে জিততে পারলে শেষ ৩২-এ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে পর্তুগাল। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে তৃতীয় স্থান অর্জনকারী একটি দলের বিপক্ষে। তবে রানার্সআপ হলে তাদের মুখোমুখি হতে হবে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়ার গ্রুপ ‘এল’-এর দ্বিতীয় স্থানে থাকা দলের। এরপর শেষ ষোলোতে স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button