ফুটবল
প্রধান খবর

মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান ইয়ামাল, স্বপ্ন জার্সি বিনিময়ের

বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়া এবং ম্যাচ শেষে লিওনেল মেসির সঙ্গে জার্সি বিনিময়-এটাই স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সবচেয়ে বড় স্বপ্ন। এমনটাই জানিয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার। প্রতিবেদন গোল ডটকমের। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে বিশ্বকাপ জয়ই তার প্রধান লক্ষ্য।

কোন খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করতে চান-এমন প্রশ্নের জবাবে তিনি এক কথায় বলেন, “মেসির সঙ্গে।”

আর যদি স্পেন ফাইনালে ওঠে, তাহলে কোন দলের বিপক্ষে খেলতে চান-জবাবে ইয়ামাল বলেন, “আর্জেন্টিনা।”

বিশ্বকাপের এবারের আসরে নতুন তারকাদের মধ্যে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি বলেও জানান ইয়ামাল। পিএসভি আইন্দহোভেন থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া এই ফুটবলার গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করেন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নেন। তবে কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারেননি।

এদিকে, স্বপ্নের সেই ফাইনালে পৌঁছাতে হলে স্পেনকে প্রথমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বেলজিয়ামের বাধা পেরোতে হবে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচে শুরুর একাদশে থাকলে ইয়ামাল আরেকটি রেকর্ডও গড়বেন। ১৯ বছর পূর্ণ হওয়ার আগে বিশ্বকাপের নকআউট পর্বে টানা তিনটি ম্যাচের শুরুর একাদশে খেলা প্রথম স্প্যানিশ ফুটবলার হবেন তিনি।

অন্যদিকে, টানা ১২ ম্যাচে জয়ের ধারায় থাকা লিওনেল মেসির আর্জেন্টিনাকেও সেমিফাইনালে উঠতে কঠিন পরীক্ষা দিতে হবে। রোববার কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button