ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাস বলছে, সুইজারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কখনও হারেনি আলবিসেলেস্তেরা।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। টুর্নামেন্টে আর্জেন্টিনার যাত্রাও শুরু হয়েছিল একই ভেন্যুতে।

এ পর্যন্ত সুইজারল্যান্ডের বিপক্ষে সাতবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের দুটি বিশ্বকাপ দেখাও রয়েছে। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পায়। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয় তুলে নেয় তারা।

২০১৪ সালের সেই ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ১১৮তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো পাস থেকে জয়সূচক গোল করেছিলেন এঞ্জেল ডি মারিয়া। এবার ডি মারিয়া দলে না থাকলেও আর্জেন্টিনার আক্রমণের নেতৃত্বে রয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোতে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এবারের ম্যাচে ২০১৪ সালের সেই লড়াইয়ের তিন ফুটবলার আবারও মুখোমুখি হবেন। তারা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং সুইজারল্যান্ডের গ্রানিট জাকা ও রিকার্ডো রদ্রিগেজ। ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে আর্জেন্টিনা, আর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠতে মরিয়া থাকবে সুইজারল্যান্ড।

এই বিভাগের অন্য খবর

Back to top button