মেসিকে ২০২৬ বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের
ফিফার গোল্ডেন বল না পেলেও পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নে সবার ওপরে লিওনেল মেসি

ফিফার গোল্ডেন বল না পেলেও সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।
গত সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে একজন খেলোয়াড়ের প্রভাব বিবেচনায় নিয়ে নিজেদের তথ্যনির্ভর বিশ্লেষণের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। সেই সূচকে অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
আইএফএফএইচএস জানায়, ‘বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি পারফরম্যান্স বিশ্লেষণের পর আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। লিওনেল মেসিই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এই স্বীকৃতি তিনি পেয়েছেন খ্যাতির জন্য নয়, বরং পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নের মাধ্যমে।’
৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপে সাতটি ম্যাচে ৬২৬ মিনিট খেলেছেন। টুর্নামেন্টে তিনি ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ সরাসরি ১২টি গোলে অবদান রাখেন তিনি। পুরো আসরে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩।
সংস্থাটির মতে, মেসির এই রেটিং কোনো একটি বা দুটি ম্যাচের ওপর নির্ভরশীল নয়; বরং গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ও ফাইনাল পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন। বিশেষ করে নকআউট পর্বে তার প্রভাব ছিল সবচেয়ে বেশি।
এদিকে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের পর ফিফার দেওয়া ব্যক্তিগত পুরস্কারে স্পেনের অধিনায়ক রদ্রি গোল্ডেন বল, মেসি সিলভার বল এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ব্রোঞ্জ বল জেতেন।
১৯৯১ সাল থেকে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা আইএফএফএইচএস জানিয়েছে, তথ্য ও পারফরম্যান্সভিত্তিক মূল্যায়নেই তারা বিশ্বের সেরা ফুটবলার নির্বাচন করে থাকে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪