ফুটবল
প্রধান খবর

বেটিং কোম্পানির অ্যাম্বাসেডর: ইতালির জাতীয় দলের কোচ হচ্ছেন না পিরলো

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নিয়োগ শেষ মুহূর্তে বাতিল করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। রাশিয়ার একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর পিরলোর সঙ্গে চার বছরের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে ফেডারেশন।

জানা গেছে, পিরলো রাশিয়ার অন্যতম শীর্ষ বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। ইতালিতে জুয়া ও বেটিং-সংক্রান্ত বিজ্ঞাপনের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় বিষয়টি ফেডারেশনের নীতির সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হয়।

এছাড়া ওই বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে পিরলোর নিয়মিত মস্কো সফর এবং ইউক্রেন যুদ্ধ সমর্থনকারী ব্যক্তিদের সঙ্গে তার কথিত বৈঠকের বিষয়টিও বিতর্কের জন্ম দেয়।

ইতালির কয়েকজন সংসদ সদস্য প্রকাশ্যে এই নিয়োগের বিরোধিতা করেন। তাদের আপত্তির পরই চুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে পিরলো নিজেই নিশ্চিত করেন যে, তিনি আর ইতালি জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে নেই। আকস্মিক এ সিদ্ধান্তে তিনি ‘মর্মাহত’ বলেও জানান।

এদিকে নতুন প্রধান কোচের খোঁজে বিকল্প নাম বিবেচনা করছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও লিওনার্দো। ইতালিয়ান গণমাধ্যমের খবরে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বর্তমানে এগিয়ে রয়েছেন আন্তোনিও কন্তে ও রবার্তো মানচিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button