
শেষ ম্যাচটা যেন হয়ে ওঠে ২০২২ বিশ্বকাপজয়ের সেই সোনালি দিনের পুনর্মিলন। লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে শুরুর একাদশে ফিরছেন তার বিশ্বকাপজয়ী দুই ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দি।
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে হতে যাচ্ছে মেসির ঐতিহাসিক বিদায়ী ম্যাচ। আগামীকাল বেনিনের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এমন একটি দল নামানোর প্রস্তুতি নিচ্ছেন, যার বড় অংশজুড়েই থাকবেন কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা।
সোনালি দিনের সতীর্থদের দিয়েই অধিনায়ককে শেষবারের মতো ঘিরে রাখতে চান স্কালোনি। তার পরিকল্পনাও স্পষ্ট—সেরা একাদশ নিয়েই মেসিকে বিদায় জানানো।
সেই পরিকল্পনার অংশ হিসেবেই দলে ফিরছেন বিশেষ দুই নাম—রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দি। দে পল মেসির ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্টার মায়ামির সতীর্থ। এবারের ফিফা উইন্ডোতে তাকে জাতীয় দলে ডাকা হয়নি। অন্যদিকে, ওতামেন্দি বিশ্বকাপের পরই জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন।
তবু মেসির বিদায়কে ঘিরে দুজনই বিশেষভাবে এই একটি ম্যাচের জন্য দলে যোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে দুজনই থাকবেন শুরুর একাদশে।
নিকো পাজের জায়গায় মাঝমাঠে ফিরবেন দে পল। আর লিসান্দ্রো মার্তিনেজের জায়গায় রক্ষণভাগে দেখা যাবে ওতামেন্দিকে। মেসির মতো ওতামেন্দির জন্যও এটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামা।
রোববারের অনুশীলনেও মেসির সঙ্গে দেখা গেছে দে পল ও ওতামেন্দিকে। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু মেসির বিদায়ী ম্যাচই নয়, ২০২২ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন ঘনিষ্ঠ সতীর্থের সঙ্গে তার শেষবারের মতো একই মাঠে নামার উপলক্ষও হতে যাচ্ছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



