
বাছাই পর্বেই শেষ হয়ে গেল ইউরো চ্যাম্পিয়নদের কাতার বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে খেলা হবে না ইতালির। ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে-অফের সেমিফাইলে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে রবার্তো মানচিনির দলের। সবশেষ ২০১৮ বিশ্বকাপেও খেলার সুযোগ পায়নি তারা। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই থেকেই ইতালির বিদায় ঘণ্টা বেজে যায়।
নিজেদের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ছিল ইতালি। অন্যদিকে নর্থ ম্যাসিডোনিয়া বল ঠেকাতেই ব্যস্ত ছিল। অথচ শেষ পর্যন্ত তারাই কী না বাজিমাৎ করল অতিরিক্ত সময়ে। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ইতালি। ঘরের মাঠে জয়ের লক্ষ্য নিয়ে নামলেও স্বাগতিকদের প্রতিটা আক্রমণ প্রতিহত করে দেয় ম্যাসিডোনিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির ও আক্রমণ ভাগ। ম্যাসিডোনিয়ার গোলবার লক্ষ্য করে ৩২টি শট নিয়েছিল ইতালি। অন-টার্গেট শট ছিল ৫টি। যার সবটাই বৃথা। একটি শটও ছিল না জোরালো। শটের দিক থেকে তো এগিয়ে ছিলই, বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল ইতালি। ম্যাচের ৬৬ শতাংশ সময় বল ছিল স্বাগতিকদের দখলে।
প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধও শেষ হয় একই ভাবে। তবে ম্যাচের যোগ করা সময়ের দুই মিনিটের সময় আলেসান্দার ত্রায়কোভস্কির অসাধারণ গোলে সব এলোমেলো হয়ে যায় ইতালির। ডি বক্সের বাইরে থেকে নেয়া শট গোলরক্ষক ডোনারুম্মাকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় ইতালির জাল। এই জয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল নর্থ ম্যাসিডোনিয়া।



