
প্যারিস সেন্ট জার্মেই যাওয়ার পর সময় কিছুতেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। এবার গড়ে ফেললেন দুর্ভাগ্যের অনন্য এক রেকর্ড। পিএসজি লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছেন না মেসি। সবশেষ ত্রঁয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে ৩ ম্যাচে গোল পাননি তিনি।
গত রবিবার পিএসজি ফরোয়ার্ড প্রতিপক্ষ গোলমুখে দু’বার গোলের খুব কাছে চলে গিয়েছিলেন। তবে দু’বার তার পথ আগলে দাঁড়িয়েছে বারপোস্ট আর ক্রসবার। তাতেই গড়া হয়ে গেছে এক অনন্য রেকর্ড।
চলতি ফরাসি লিগ মৌসুমে তার শট এ নিয়ে বারপোস্ট আর ক্রসবারে প্রতিহত হলো ১০ বার। ২০০৬-০৭ মৌসুম থেকে খেলাধুলার পরিসংখ্যান রাখছে অপ্টা, সে সময় থেকে এ পর্যন্ত কোনো খেলোয়াড়ই মেসির মতো এভাবে দুর্ভাগ্যের শিকার বনেননি কেউই বলে জানিয়েছে তারা। ১০বার বারপোস্টে শট লাগানোর এমন ইতিহাস মেসিরই প্রথম।