খেলাধুলাফুটবল

চোট পেয়ে মচকে গেছে নেইমারের গোড়ালি

চোট আর নেইমার যেন একসূত্রে গাঁথা এক বিষয়। পিএসজি তারকা ফের চোটে পড়েছেন। মচকে গেছে তার গোড়ালি। স্বাভাবিকভাবে যা পিএসজি সমর্থকদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জিতে পিএসজি। এ ম্যাচে চোট পান একটি গোল করা নেইমার।

৪৮তম মিনিটে প্রতিপক্ষ সীমানায় বল বাড়ানোর সময় পেছন থেকে এসে বিপজ্জনকভাবে নেইমারের পায়ে আঘাত করেন বেঞ্জামিন আন্দ্রে। অনেকটা পা দিয়ে পাড়া দেন তিনি। এরপর গোড়ালি চেপে ধরে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়তে দেখা গিয়েছে নেইমারকে।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘লিলের বিপক্ষে ম্যাচে গোড়ালি মচকে গেছে নেইমারের এবং আজ এমআরআই স্ক্যান করা হয়েছে। ৪৮ ঘণ্টা পর লিগামেন্টের অবস্থা মূল্যায়ন করা হবে।’

নেইমারকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে অবশ্য কিছু উল্লেখ করেনি ক্লাব। ৩১ বছর বয়সী তারকা কাতার বিশ্বকাপ চলাকালে একই গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। ব্রাজিলের দুটি ম্যাচও মিস করেন তিনি।

লিগ ওয়ানে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩টি গোল করেছেন নেইমার। অবদান রেখেছেন আরও ১০ গোলে।

এই বিভাগের অন্য খবর

Back to top button