খেলাধুলাপ্রধান খবরফুটবল

ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা এসে পৌঁছেছেন। হল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকা নামেন তিনি।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমানটি অবতরণ করে।

জানা গেছে, রাজধানীতে মোট ১১ ঘণ্টা থাকবেন আর্জেন্টাইন এ গোলরক্ষক। ঢাকায় মার্টিনেজ তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের। 

মধ্যাহ্ন ভোজ শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে মার্টিনেজের সফরসূচিতে। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

এর আগে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত  বলেন, ‘ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরে পৌনে এক ঘণ্টার জন্য যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছে সেই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।’ 

এই বিভাগের অন্য খবর

Back to top button