
ট্রান্সফার নিয়ে মাসের পর মাস চলা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ট্রান্সফার ডেডলাইন ডেতেই সম্পন্ন হয়েছে বহুল আলোচিত এই চুক্তি। ১২৫ মিলিয়ন পাউন্ডের এই দলবদলের মাধ্যমে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ডের সমান অঙ্কে এনজোকে দলে নিয়েছে সিটি।
আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজকে নিয়ে রিয়াল মাদ্রিদ কিংবা পিএসজিতে যাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার নতুন ঠিকানা হয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির সাবেক কোচ এনজো মারেস্কার সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। মারেস্কার অধীনে চেলসিতে খেলেছিলেন ফার্নান্দেজ। এবার ম্যানচেস্টার সিটিতে হচ্ছে তাদের পুনর্মিলন।
চেলসি সমর্থকদের একাংশের মতে, এই চুক্তি আরও আগেই সম্পন্ন হওয়া উচিত ছিল। দুই সপ্তাহ আগে সিটিকে ১২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু তখন প্রস্তাব দেয়নি সিটি। শেষ পর্যন্ত নির্ধারিত অঙ্কের চেয়ে আরও ৫ মিলিয়ন পাউন্ড বেশি খরচ করে ফার্নান্দেজকে দলে টেনেছে তারা।
তবে এত দেরিতে ফার্নান্দেজকে ছাড়ায় বড় সমস্যায় পড়েছে চেলসি। তার বিকল্প নেওয়ার সময় প্রায় নেই ক্লাবটির। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় থাকা লামিনে কামারা, মানু কোনে ও অ্যালেক্স স্কটের কাউকেই এখন দলে আনতে পারছে না ক্লাবটি।
ফলে মাঝমাঠে বর্তমান খেলোয়াড়দের ওপরই নির্ভর করতে হবে চেলসিকে। মোইসেস কাইসেদো ও রোমিও লাভিয়া ফিট থাকলে এবং ভ্যালেন্তিন বারকো নিজের উন্নতি ধরে রাখতে পারলে পরিস্থিতি সামলানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে চলতি গ্রীষ্মে আন্দ্রে সান্তোসকে ছেড়ে দেওয়ায় চেলসির মাঝমাঠের বিকল্প আরও কমে গেছে।
১২৫ মিলিয়ন পাউন্ডের এই ট্রান্সফারের মধ্য দিয়ে চেলসিতে এনজো ফার্নান্দেজের অধ্যায়ের ইতি ঘটছে। নতুন ঠিকানায় এনজো মারেস্কার অধীনে আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

