
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন এআই মডেল তৈরির উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ লক্ষ্য বাস্তবায়নে স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা আলেক্সান্ডার ওয়াংয়ের নেতৃত্বে মেটার ‘সুপারইন্টেলিজেন্স ল্যাব’-এ একাধিক নতুন এআই মডেল উন্নয়নের কাজ শুরু হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ‘ম্যাঙ্গো’ কোডনামে ছবি ও ভিডিওভিত্তিক একটি এআই মডেল এবং ‘অ্যাভোকাডো’ নামে একটি টেক্সটভিত্তিক মডেল তৈরি করছে। অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শুরুতেই এসব মডেল উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। আলেক্সান্ডার ওয়াং জানান, নতুন টেক্সটভিত্তিক মডেলটিকে কোডিং ও সফটওয়্যার উন্নয়নে আরও দক্ষ করে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।
একই সঙ্গে মেটা এমন ‘ওয়ার্ল্ড মডেল’ নিয়েও কাজ করছে, যা দৃশ্যমান তথ্য বুঝে যুক্তি, পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে পারবে। এর জন্য সব সম্ভাব্য পরিস্থিতিতে আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হবে না।
সাম্প্রতিক সময়ে এআই প্রতিযোগিতায় ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগলের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে মেটা। এ কারণে চলতি বছর প্রতিষ্ঠানটির এআই বিভাগে বড় ধরনের পুনর্গঠন করা হয় এবং শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে গবেষক নিয়োগ দেওয়া হয়। তবে এ সময় কিছু গবেষক প্রতিষ্ঠান ছেড়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত মাসে প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন নিজস্ব স্টার্টআপ গঠনের ঘোষণা দেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত মেটার কোনো এআই পণ্য বড় ধরনের বাণিজ্যিক সাফল্য পায়নি। মেটা এআই সহকারীর ব্যবহার মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিপুল ব্যবহারকারী ভিত্তির ওপর নির্ভর করছে।
তথ্যসূত্র: প্রথম আলো



