বগুড়ায় তালাকের পর পুনরায় বিয়ের প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাইফ হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অভিযানিক দল।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইফ হাসান ওই এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৩ এপ্রিল ভুক্তভোগী ২৪ বছর বয়সী নারীর সঙ্গে নাইফ হাসানের দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে রেজিস্ট্রিকৃত কাবিননামার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করেন। একপর্যায়ে নাইফ হাসান অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ নিয়ে বিরোধের জেরে তিনি স্ত্রীর কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে ওই নারী মায়ের বাড়িতে অবস্থান করে।
পরবর্তীতে গত ৬ আগস্ট রেজিস্ট্রিকৃত তালাকনামার মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে তালাকের কয়েকদিন পর নাইফ হাসান মোবাইল ফোনে যোগাযোগ করে নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে পরকীয়া সম্পর্কে জড়াবেন না বলে মৌখিক অঙ্গীকার করেন। পাশাপাশি ভুক্তভোগীকে পুনরায় বিয়ে করে সংসার করার আশ্বাস দেন।
অভিযোগে বলা হয়, পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে নাইফ হাসান ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর শুক্রবার বিয়ে করার কথা বলে তাকে বগুড়া মহানগরের চারমাথা এলাকার একটি হোটেলের কক্ষে নিয়ে যান। সেখানে কাজি আসবেন বলে আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে কাজি আসতে দেরি হওয়ায় ভুক্তভোগী এ বিষয়ে জানতে চাইলে তাকে বগুড়া শহরের সাতমাথায় কাজি অফিসে যাওয়ার কথা বলেন নাইফ হাসান। এরপর দুজন রিকশাযোগে সাতমাথায় পৌঁছালে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ সময় ভুক্তভোগী বিয়ের জন্য অনুরোধ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কিল-ঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২৩ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
এদিকে, এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাইফ হাসানকে বগুড়ার শেরপুর উপজেলার জয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সিপিএসসি ও এসআরবি-১২ এর সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



