এআই দিয়ে তৈরি ভিডিও চিনবেন যেভাবে, জেনে নিন ৩ সহজ উপায়
ভিডিওর দৈর্ঘ্য, রেজোলিউশন ও সূক্ষ্ম ভিজ্যুয়াল অসঙ্গতি দেখে মিলতে পারে গুরুত্বপূর্ণ ইঙ্গিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও এখন এতটাই বাস্তবসম্মত যে অনেক ক্ষেত্রেই সত্যিকারের ভিডিও থেকে তা আলাদা করা কঠিন হয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু বিষয় খেয়াল করলে এআই-নির্মিত ভিডিও শনাক্ত করা সম্ভব।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এআই ভিডিও চেনার তিনটি প্রধান উপায় হলো-
১. ভিডিওর দৈর্ঘ্য ও দৃশ্য পরিবর্তন:
বেশিরভাগ এআই ভিডিও ৬ থেকে ১০ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। দীর্ঘ ভিডিও তৈরি ব্যয়বহুল হওয়ায় অনেক সময় ছোট ছোট ক্লিপ জোড়া দিয়ে ভিডিও বানানো হয়। ফলে নির্দিষ্ট বিরতিতে অস্বাভাবিক দৃশ্য পরিবর্তন বা কাট দেখা যেতে পারে।
২. ছবির মান ও রেজোলিউশন:
অনেক এআই ভিডিও ইচ্ছাকৃতভাবে কম রেজোলিউশনে বা ঝাপসা করে প্রকাশ করা হয়, যাতে সূক্ষ্ম ত্রুটিগুলো সহজে চোখে না পড়ে। তাই অস্বাভাবিকভাবে নিম্নমানের ভিডিও দেখলে সতর্ক হওয়া উচিত।
৩. সূক্ষ্ম ভিজ্যুয়াল অসঙ্গতি:
মানুষের ত্বক অস্বাভাবিকভাবে মসৃণ দেখানো, চুল বা পোশাকের নকশা হঠাৎ বদলে যাওয়া কিংবা পেছনের বস্তুগুলোর অস্বাভাবিক নড়াচড়া-এসব এআই ভিডিওর গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ভবিষ্যতে এআই প্রযুক্তি আরও উন্নত হলে শুধু চোখ দেখে ভিডিওর সত্যতা যাচাই করা কঠিন হয়ে যাবে। তাই কোনো ভিডিও বিশ্বাস করার আগে এর উৎস, প্রেক্ষাপট এবং নির্ভরযোগ্য মাধ্যমে তথ্যটি যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

