
সারাদেশের সব গণপরিবহনের ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় না করতে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়াও আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে এক রিটের শুনানিতে সোমবার (২৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতের রুলে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রণয়নে ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এই আইনের ৩৪(৩) ধারা বাস্তবায়নে ভাড়ার তালিকা প্রকাশ্য ও সহজে দৃশ্যমান স্থানে না টানিয়ে ভাড়া আদায়ের বিষয়টি নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন বেআইনি হবে না, সে বিষয়ে রুল হয়েছে।
এছাড়া আইনের ৩৪(৪) ধারার বিধান অনুযায়ী যাত্রীদের কাছ থেকে বাস মালিক ও কন্টাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মেও রুল হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। তার সঙ্গে ছিলেন মোখলেসুর রহমান ও মুসতাসীম তানজীর।


