ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন শুরু ২৯ অক্টোবর

প্রতীকী ছবি। সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
২৪ নভেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি কার্যক্রম, যা শেষ হবে ২০ ডিসেম্বর।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর
ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২৯ নভেম্বর
আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর
আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত, আর আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে—রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়/কবি নজরুল বিশ্ববিদ্যালয়) এবং রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)।
ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে।
পরীক্ষা পদ্ধতি অনুযায়ী চারুকলা ইউনিট ব্যতীত সব ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে।
চারুকলার এমসিকিউ অংশের সময় ৩০ মিনিট এবং অঙ্কন অংশের সময় ৬০ মিনিট। অন্য ইউনিটগুলোতে এমসিকিউ ও লিখিত উভয় অংশের সময় ৪৫ মিনিট করে নির্ধারণ করা হয়েছে।
মোট ১২০ নম্বরের মধ্যে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর যুক্ত হবে।
ভর্তিচ্ছুদের ২০২০–২০২৩ সালের মধ্যে এসএসসি/সমমান ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান ইউনিট: জিপিএ যোগফল ৮, পৃথকভাবে ন্যূনতম ৩.৫
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: জিপিএ যোগফল ৭.৫, পৃথকভাবে ন্যূনতম ৩.০
ব্যবসায় শিক্ষা ইউনিট: জিপিএ যোগফল ৭.৫, পৃথকভাবে ন্যূনতম ৩.০
চারুকলা ইউনিট: জিপিএ যোগফল ৬.৫, পৃথকভাবে ন্যূনতম ৩.০
তথ্যসূত্র: যমুনা টিভি


