বগুড়ায় সার অনিয়মের অভিযোগে ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার গুদাম সিলগালা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসির অনুমোদিত ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ-এর গুদাম থেকে গত ১৮ জুলাই সকালে দুটি ভটভটিযোগে রাসায়নিক সার আদমদীঘি ইউনিয়নে নেওয়া হচ্ছিল। পথে উপজেলা সদরের তালশন কালীবাড়ি এলাকায় স্থানীয় কৃষক ও জনতা সন্দেহ হলে চালকদের জিজ্ঞাসাবাদ করেন। চালকরা জানান, সারগুলো কুন্দুগ্রাম ইউনিয়নের ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্স-এ নেওয়া হচ্ছে।
ঘটনাটি উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের নজরে আনা হলে তিনি প্রথমে সারগুলো অন্য উপজেলার বলে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় কড়ই বাজারে অবস্থিত মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানের ডিলারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি বরাদ্দের সার নির্ধারিত এলাকার বাইরে সরবরাহের অভিযোগের প্রমাণ মিলেছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।