বগুড়ায় ২ হাজার টেপেন্ডাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের হাড্ডি পট্টি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন এলাকার কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত বেহুলা ও তার সহযোগী বিথী।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকায় অভিযান চালিয়ে বেহুলা (৩৬), মোছা. বিথী (৩৫) এবং তাদের সহযোগী রাব্বি হাসান (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বেহুলা মৃত গনি শেখের মেয়ে এবং বিথী ফারুক মিয়ার স্ত্রী। দুজনই বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকার বাসিন্দা। অপরদিকে রাব্বি হাসান গাবতলী উপজেলার দাড়াইল বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বেহুলার বিরুদ্ধে ১০টি মাদক মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া বিথীর বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।