সম্মিলিত ইসলামী ব্যাংক: ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তোলা যাবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো কর্তন করা হবে না।
গ্রাহকদের এ বিষয়ে স্পষ্টভাবে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে।
এ ছাড়া আমানতের মুনাফা থেকে কোনো ধরনের কর্তন করা হবে না বলেও জানানো হয়েছে।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন এ সুবিধার বিষয়ে গ্রাহকদের যথাযথভাবে অবহিত করার পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম দ্রুত সচল করার উদ্যোগ নিতে হবে।
তথ্যসূত্র: যমুনা টিভি



