অর্থ ও বানিজ্যআন্তর্জাতিক খবর
প্রধান খবর

রেকর্ড দরপতন ইরানি রিয়ালের, ১ ডলারে মিলছে ২০ লাখ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও নতুন নিষেধাজ্ঞার চাপের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। রোববার (২৩ আগস্ট) দেশটির খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম ২০ লাখ রিয়ালে পৌঁছায়।

তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার এক দিন আগে রিয়ালের এই বড় দরপতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের আগেই দেশটির অর্থনীতি নানা সংকটে ছিল। চলমান সংঘাত, নিষেধাজ্ঞা ও বৈদেশিক মুদ্রার ওপর চাপের কারণে রিয়ালের মূল্য আরও দ্রুত কমছে। গত এক সপ্তাহের শুরুতে যেখানে এক ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল, রোববার তা ২০ লাখে পৌঁছায়।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের কড়াকড়ি অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে। ইরান জানিয়েছে, মার্কিন অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে তারা উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানিতে আরও বাধা দিতে পারে।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপকে ইরান ‘মরিয়া প্রচেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে তা ব্যর্থ হবে বলে দাবি করেছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button