বিনোদন
প্রধান খবর

দীর্ঘদিন একই বিটে সাংবাদিক রাখা উচিত নয়-‘ঝামেলা’র প্রেস মিটে আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক: নতুন সিনেমা ‘ঝামেলা’র প্রেস মিটে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এ সময় দীর্ঘদিন একই বিটে দায়িত্ব পালন করা সাংবাদিকদের পরিবর্তন করে নতুন প্রজন্মের সাংবাদিকদের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আসিফ আকবর বলেন, দীর্ঘদিন ধরে একজন সাংবাদিককে একই বিটে রাখা উচিত নয়। বিট পরিবর্তন করুন। নতুন প্রজন্মের সাংবাদিকরা আসছে, তাদের কাজের সুযোগ দিন, অ্যাসাইনমেন্ট দিন।

ক্রীড়া সাংবাদিকতার প্রসঙ্গ টেনে তিনি ক্রিকেট ও ফুটবল বিটে দায়িত্ব পালন করা সাংবাদিকদের মধ্যেও নিয়মিত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। নতুন সাংবাদিকদের দায়িত্ব দিয়ে কাজের সুযোগ তৈরি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিনোদন সাংবাদিকতা নিয়েও নিজের মতামত তুলে ধরেন আসিফ। কোনো শিল্পী বা নতুন অভিনয়শিল্পীকে উদ্দেশ্য করে ভিত্তিহীন কিংবা একপেশে সংবাদ প্রকাশের সমালোচনা করে তিনি বলেন, দিস ইজ নট জার্নালিজম। এটা এক ধরনের বাজে অভ্যাস।

শিল্পী ও সাংবাদিকদের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকা প্রয়োজন। তাঁর ভাষায়, আমরা তথ্য দেব, আপনারা সেই তথ্য সঠিকভাবে তুলে ধরবেন- এটাই হচ্ছে করসপন্ডিং।

কোনো বক্তব্যের অংশবিশেষ কেটে বা ভিন্নভাবে উপস্থাপনের প্রবণতা নিয়েও কথা বলেন আসিফ আকবর। তাঁর মতে, এতে শিল্পীদের মধ্যে সাংবাদিকদের প্রতি নেতিবাচক ধারণা বা ভীতি তৈরি হতে পারে।

প্রেস মিটে নিজের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। আসিফ আকবর জানান, একসময় তিনি মানবজমিনে স্পেশাল করসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা পেশার সেই সময়ের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েও অনুষ্ঠানে কথা বলেন তিনি।

এ সময় ‘ঝামেলা’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের শুভকামনা জানান আসিফ আকবর। পরে সাংবাদিকদের সঙ্গে রসিকতা ও হাস্যরসের মধ্য দিয়ে শেষ হয় তাঁর দীর্ঘ আলাপচারিতা।

এই বিভাগের অন্য খবর

Back to top button