বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে দেয়া হলো গাভী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য একটি গাভী দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজা বেগমের স্বজনদের হাতে গাভীটি তুলে দেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের স্থায়ী আয়ের ব্যবস্থা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে পরিবারটির প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে।
গত ৪ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফিরোজা বেগম (৬০)। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফিরোজা বেগম কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়িটি ঢাকা থেকে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিল। পথে গোপীনাথপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগম গাড়িটির সামনে চলে আসেন।
তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। একই ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
জানা গেছে, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লাগে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তার সঙ্গে থাকা স্ত্রী নাজমা আরা বেগমও সুস্থ রয়েছেন।



